উগান্ডা পথশিশুদের নিয়ে বিশ্বকাপের গান শাকিরা

 ২০১৪ সালের কথা। একটা ভিডিও নিয়ে বেশ কথা হয়। ভিডিওতে উগান্ডার এক ধুলোমাখা রাস্তায় খালি পায়ে নেচেছিল কয়েকটি শিশু। কে জানত, সেই অবহেলা আর অভাবের নাচই একদিন তাদের পৌঁছে দেবে বিশ্বমঞ্চে। উগান্ডার সেই অনাথ আর অসহায় শিশুদের নিয়ে গড়ে ওঠা নৃত্যদল ‘গেটো কিডস’ এবার যাচ্ছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। যেখানে অনুষ্ঠিত হবে এবারের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। নিজেদের অবিশ্বাস্য ও আনন্দময় নৃত্যশৈলী দিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষের মন জয় করেছে দলটি। এবার তারা হাজির হচ্ছে কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে।


‎পপ তারকা শাকিরা গত সপ্তাহে এক ঘোষণায় জানান, আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে তাঁর সঙ্গে পারফর্ম করবে এই শিশুরা। বিশ্বকাপের অফিশিয়াল থিম সং শাকিরার ‘ডাই ডাই’ গানের মিউজিক ভিডিওতেও গেটো কিডস নেচেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে শাকিরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি উগান্ডার গেটো কিডসদের ইতিমধ্যে ফাইনালে আমন্ত্রণ জানিয়েছি।’ পরিবেশনাটিকে ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় করে রাখতেই তিনি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

‎‘আমরা সবাই ভীষণ উত্তেজিত!’ গত সপ্তাহে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বলে গেটো কিডসের সদস্যরা। তাদের চোখেমুখে তখন বিশ্বমঞ্চে নাচার আনন্দ। দলের মাত্র ১১ বছর বয়সী খুদে সদস্য তিয়োমা কেইশা নিজের অনুভূতি প্রকাশ করে বলল, ‘আমাদের ভেতর যে কী দারুণ প্রতিভা লুকিয়ে আছে, তা পুরো বিশ্বকে দেখানোর জন্য আমি আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারছি না।’উগান্ডার রাজধানী কাম্পালার এই দলে রয়েছে ৪ থেকে ১৬ বছর বয়সী ৬০টি শিশু। এদের সবার জীবনই কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। কয়েক দশকের যুদ্ধ আর তীব্র অভাবের কারণে উগান্ডায় প্রায় ১৭ লাখ শিশু অনাথ হয়ে পড়েছে। যাদের অনেকেরই আশ্রয় হয়েছে এই দলে।


মজার ব্যাপার হলো, পপ তারকা শাকিরা নিজে থেকে আমন্ত্রণ জানানোর অনেক আগে থেকেই এই গেটো কিডস তাঁর গানের তালে নাচত। ২০১০ সালে আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’র সঙ্গেও তারা দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিল। এবার সেই কলম্বিয়ান সুপারস্টারের ঠিক পাশে দাঁড়িয়ে, বিশ্বকাপের কোটি কোটি দর্শকের সামনে নাচার সুযোগ পাওয়াটা এই শিশুদের কাছে রূপকথার মতো।

‎গেটো কিডসের ১৫ বছর বয়সী সেগিরিনিয়া মাদওয়ানা কিং বলে, ‘আমরা তো সব সময়ই শাকিরার গানে নাচতাম, তাই তাঁর আমন্ত্রণের খবরটা পেয়ে আমাদের মন আনন্দে ভরে গিয়েছিল। খবরটা শুনে আমরা খুশিতে লাফালাফি শুরু করেছিলাম, সবাই মিলে দারুণ উদ্‌যাপন করেছি।’

‎আমেরিকান স্টাইলে সুপার বোলের মতো জমকালো হাফটাইম শো এবার যুক্ত হচ্ছে ফুটবল বিশ্বকাপেও। যেখানে থাকবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএসের মতো বিশ্বখ্যাত তারকারা। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাজুড়ে শুরু হতে যাওয়া এই ফুটবল বিশ্বকাপে এটিই হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক উদ্ভাবন। ফিফার তথ্য অনুযায়ী, গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি বিশ্বজুড়ে প্রায় এক বিলিয়নেরও বেশি দর্শক উপভোগ করেছিলেন। আর এবার সেই বিশাল দর্শকদের সামনেই পারফর্ম করার সুযোগ হচ্ছে উগান্ডার গেটো কিডসদের।

إرسال تعليق (0)
أحدث أقدم