মুক্তির আগেই ৩৫ কোটি টাকা আয়, আবারো ঝড় তুলবেন রামচরণ

 ‎


তেলেগু তারকা রামচরণের ক্যারিয়ারে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলো তাঁকে কেবল জনপ্রিয় নায়ক নয়, বরং ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকায় পরিণত করেছে। ‘মাগধীরা’, ‘রঙ্গস্থলম’ কিংবা ‘আরআরআর’—প্রতিটি ছবিই তাঁর তারকাখ্যাতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু সাফল্যের এই দীর্ঘ যাত্রায় ব্যর্থতাও কম ছিল না। বিশেষ করে ‘গেম চেঞ্জার’-এর প্রত্যাশার তুলনায় হতাশাজনক ফলের পর অনেকেই অপেক্ষায় ছিলেন, রামচরণ কীভাবে ঘুরে দাঁড়ান।

‎সেই প্রশ্নের উত্তর হয়ে এসেছে ‘পেড্ডি’। মুক্তির আগেই ছবিটি দক্ষিণ ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অগ্রিম টিকিট বিক্রি, সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মাদনা, ট্রেলার নিয়ে দর্শকের আগ্রহ—সব মিলিয়ে ‘পেড্ডি’ এখন ২০২৬ সালের অন্যতম আলোচিত ভারতীয় ছবি। ‘পেড্ডি’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।গ্রামবাংলার মাটি থেকে উঠে আসা এক ক্রীড়াবিদের গল্প

‎‘পেড্ডি’কে শুধু একটি স্পোর্টস ড্রামা বললে ভুল হবে। পরিচালক বুচি বাবু সানা ছবিটিকে পরিচয় করিয়েছেন একজন মানুষের আত্মপরিচয় খোঁজার গল্প হিসেবে। রামচরণ নিজেও প্রচারণায় বলেছেন, ছবিটি একজন ‘ক্রসওভার অ্যাথলেট’-এর গল্প। এখানে একাধিক খেলাধুলার উপস্থিতি রয়েছে, তবে ক্রীড়া শুধু বাহ্যিক উপাদান। মূল গল্প একজন মানুষের নিজের শিকড়, পরিবার, গ্রাম এবং সম্প্রদায়ের পরিচয় পুনরুদ্ধারের সংগ্রামকে ঘিরে।

‎ট্রেলার ও প্রচারণা দেখে বোঝা যায়, ছবিটি গ্রামীণ আবহে নির্মিত। রামচরণকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন রূপে—রুক্ষ চেহারা, ঘন দাড়ি, মাটির মানুষের ভাষা ও শরীরী অভিব্যক্তি নিয়ে। অনেক সমালোচক ইতিমধ্যে বলছেন, ‘রঙ্গস্থলম’-এর পর এটিই হতে পারে তাঁর সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।অগ্রিম বুকিংয়ে ঝড়

‎ভারতীয় চলচ্চিত্রে প্রথম দিনের আয় এখন অনেকটাই নির্ভর করে অগ্রিম বুকিংয়ের ওপর। সেই দিক থেকে ‘পেড্ডি’ ইতিমধ্যে শক্ত অবস্থানে রয়েছে।

‎শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মুক্তির আগেই ছবিটির বিশ্বব্যাপী অগ্রিম বুকিং প্রায় ৩৫ কোটি রুপি ছুঁয়েছে। ভারতে ব্লক বুকিং বাদ দিয়েও আয় ৮ কোটির বেশি। আর ব্লক বুকিংসহ সেই সংখ্যা ১৩ কোটির ওপরে পৌঁছেছে।

‎তেলেগু সংস্করণেই সবচেয়ে বেশি সাড়া মিলেছে। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন শহরে দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে বিজয়ওয়াড়া ও হায়দরাবাদে অনেক শো আগেভাগেই পূর্ণ হয়ে গেছে।

‎বিশ্লেষকদের ধারণা, ছবিটি প্রথম দিনে বিশ্বব্যাপী ৭০ থেকে ১০০ কোটির মধ্যে আয় করতে পারে। যদিও প্রকৃত হিসাব নির্ভর করবে দর্শকের প্রতিক্রিয়ার ওপর।

‎‘গেম চেঞ্জার’-এর পর রামচরণের জন্য বড় পরীক্ষা

‎‘আরআরআর’-এর বিশ্বব্যাপী সাফল্যের পর রামচরণের ক্যারিয়ার নতুন মাত্রা পেয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর নাম উঠে আসে, হলিউডেও আলোচনা শুরু হয়।

‎কিন্তু পরবর্তী ছবি ‘গেম চেঞ্জার’ প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। ফলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আরআরআরের সাফল্য কি কেবল রাজামৌলির প্রভাব ছিল, নাকি রামচরণ নিজেও সমান শক্তিশালী বক্স অফিস তারকা?

‎‘পেড্ডি’ সেই প্রশ্নের উত্তর দিতে পারে।

‎এই ছবির মাধ্যমে রামচরণ আবারও এমন একটি চরিত্রে ফিরেছেন, যেখানে তারকাসুলভ চাকচিক্যের চেয়ে অভিনয় দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক ভক্তের মতে, রামচরণের সেরা পারফরম্যান্সগুলো এসেছে তখনই, যখন তিনি গ্রামীণ বা সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন।

إرسال تعليق (0)
أحدث أقدم