যুক্তরাষ্ট্রের নানা দাবির মুখেও এখনই চূড়ান্ত হচ্ছে না ইরান-মার্কিন চুক্তি! তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে— কাজ এখনো চলছে, চুক্তি চূড়ান্ত হতে ঢের বাকি। তবে পর্দার আড়ালে কূটনীতি কিন্তু থেমে নেই। পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং আঞ্চলিক অন্যান্য পক্ষগুলোর মাধ্যমে এখনও চলছে প্রস্তাব বিনিময়।
কিন্তু ঠিক কোথায় আটকে আছে এই বহুল প্রতীক্ষিত চুক্তি?
ইরানি কর্মকর্তাদের মতে, এখনো বড় ৩টি অমীমাংসিত বিষয় টেবিল থেকে সরেনি:
১. জব্দকৃত সম্পদ নিয়ে জটিলতা
ইরানের দাবি, চুক্তির ঘোষণা আসার সাথেই তাদের সমস্ত জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, টাকা একবারে নয়; দেওয়া হবে পর্যায়ক্রমে এবং কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে।
২. নির্মাণ তহবিল
ইরান প্রথমে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আসলেও, এখন সুর বদলেছে। তেহরানের নতুন দাবি, প্রায় ৩০০ বিলিয়ন ডলার মূল্যের একটি বিশেষ “নির্মাণ তহবিল” গঠন করতে হবে। যদিও ওয়াশিংটন এই বিশাল তহবিলের বিষয়ে এখনো কোনো সবুজ সংকেত দেয়নি।
৩. নিষেধাজ্ঞা শিথিলকরণ
ইরান চাইছে, চুক্তির আগেই অন্তত তাদের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। কিন্তু এই ক্ষেত্রেও কোনো রকম প্রতিশ্রুতি দেয়নি হোয়াইট হাউস।
ইরান সাফ জানিয়ে দিয়েছে— যতক্ষণ না এই ৩টি বড় সংকটের যৌক্তিক সমাধান হচ্ছে এবং দুই পক্ষ পুরোপুরি ঐকমত্যে পৌঁছাচ্ছে, ততক্ষণ আনুষ্ঠানিক কোনো চুক্তির ঘোষণা আসছে না।